বাংলাদেশ দূতাবাসে অনৈতিক অর্থ আদায়ের অভিযোগে কুয়েতে অবস্থানরত আবু হোসেন মারফুল্লাহ নামে এক প্রবাসী বাংলাদেশিকে স্থায়ীভাবে দেশে ফেরত পাঠানো হয়েছে। দূতাবাসের সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে কুয়েতের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেন কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান।

আরও
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে আবু হোসেন দূতাবাসে আসা প্রবাসীদের বিভিন্ন কাজ দ্রুত করে দেওয়ার নামে তাদের কাছ থেকে অনৈতিকভাবে বাড়তি অর্থ আদায় করতেন। তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি এসব কার্যক্রম চালিয়ে যান। প্রবাসীদের ন্যায্য সেবা নিশ্চিত করতে এবং দূতাবাসের ভাবমূর্তি রক্ষায় কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়।
গত ১৬ জুন দূতাবাস তাকে কুয়েতি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ১২ জুলাই তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
দূতাবাস কর্তৃপক্ষ বলেছে, ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড সহ্য করা হবে না এবং প্রবাসীদের সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।






![1.[2]](https://probashtime.net/wp-content/uploads/2026/03/1.2.webp)



