বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে সম্প্রতি প্রায় ১ কোটি ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে মালিক প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্ল্যাটফর্মে ভুয়া এনগেজমেন্ট, প্রতারণা এবং অন্যের পরিচয়ে কনটেন্ট শেয়ারের মতো কর্মকাণ্ড রোধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মেটা এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম দফায় প্রায় ৫ লাখ অ্যাকাউন্ট শনাক্ত করে সেগুলোর ওপর কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব অ্যাকাউন্টে মন্তব্য সীমিত করা, কনটেন্টের বিস্তার কমানো এবং আয়ের সুযোগ বাতিলের মতো নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানায় প্রতিষ্ঠানটি।
এছাড়া, প্রতিষ্ঠানটি জানায়, প্রায় ১ কোটি অ্যাকাউন্ট সরানো হয়েছে যেগুলো বিভিন্ন জনপ্রিয় কনটেন্ট নির্মাতার ছদ্মবেশ ধারণ করে তাদের নাম ব্যবহার করে ভুয়া কনটেন্ট প্রচার করছিল। যারা একই ধরনের মিম বা ভিডিও বারবার শেয়ার করে কিংবা আসল নির্মাতাদের পরিচয় নকল করে, তাদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও
কনটেন্টের মৌলিকতা নিশ্চিত করতে ফেসবুক নতুন অ্যালগরিদম চালু করেছে, যাতে আসল নির্মাতাদের কনটেন্ট বেশি প্রাধান্য পায়। ব্যবহারকারীদের সতর্ক করে ফেসবুক জানিয়েছে, অন্য সোর্সের ভিডিও বা পুনর্ব্যবহৃত পোস্ট শেয়ার করলে অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ প্রসঙ্গে কিছু নির্দেশনাও দিয়েছে ফেসবুক, যেমন—তৃতীয় পক্ষের ওয়াটারমার্কযুক্ত কনটেন্ট ব্যবহার না করা, কম মানের বা অপ্রাসঙ্গিক ভিডিও পরিহার করা এবং উচ্চমানের ক্যাপশন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া পরীক্ষামূলকভাবে একটি ফিচার চালু করা হচ্ছে, যেখানে ডুপ্লিকেট ভিডিওর পাশে আসল ভিডিওর লিংক যুক্ত থাকবে।
সবমিলিয়ে, ফেসবুকের এই উদ্যোগের মাধ্যমে বোঝা যাচ্ছে, প্ল্যাটফর্মটি এখন আরও কাঠামোবদ্ধ, মৌলিক কনটেন্ট-ভিত্তিক এবং প্রযুক্তিনির্ভর পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে এবং সৃষ্টিশীল কনটেন্টকে মূল্যায়নের লক্ষ্যে ফেসবুকের এমন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা।













