গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য গুরুতর নিরাপত্তা হুমকির সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও অবকাঠামো সুরক্ষা সংস্থা (CISA)। সংস্থাটি জানিয়েছে, ক্রোম ব্রাউজারে এক উচ্চ-ঝুঁকিপূর্ণ দুর্বলতা ইতোমধ্যে হ্যাকারদের হাতে exploitable হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে আগামী ২৩ জুলাইয়ের মধ্যে সফটওয়্যার আপডেট না করলে ব্যবহারকারীরা বড় ধরনের সাইবার হামলার মুখোমুখি হতে পারেন।
জানা গেছে, এই ত্রুটিটি Google Chrome-এর V8 JavaScript ইঞ্জিনে টাইপ কনফিউশন সংক্রান্ত, যার শনাক্তকরণ নম্বর ‘CVE-2025-6554’। এটি বর্তমানে “Known Exploited Vulnerabilities” তালিকাভুক্ত, অর্থাৎ সাইবার অপরাধীরা ইতিমধ্যে এটি ব্যবহার করে ক্ষতি করার চেষ্টা করছে।
বিশেষজ্ঞরা বলছেন, অনেক ব্যবহারকারী নিয়মিত ব্রাউজার আপডেট না করায় নিজেদের অজান্তেই বড় ঝুঁকির মধ্যে পড়ছেন। CISA এই প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, আপডেট না করার মানে হলো নিজের সাইবার নিরাপত্তা নিজেই দুর্বল করে ফেলা।
আরও
যদিও গুগল ক্রোম সাধারণত স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে থাকে, তবে ব্যবহারকারী যদি ব্রাউজার রিস্টার্ট না করেন, তাহলে সেই আপডেট কার্যকর হয় না। এই কারণে অনেকেই ঝুঁকির মধ্যে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
CISA জানিয়েছে, Windows ও Mac ব্যবহারকারীদের Chrome 138.0.7204.100 বা .101 সংস্করণে এবং Linux ব্যবহারকারীদের Chrome 138.0.7204.100 সংস্করণে আপডেট করতে হবে। এই নির্দেশনা শুধু সাধারণ ব্যবহারকারীর জন্য নয়; সরকারি-বেসরকারি এবং করপোরেট সংস্থাগুলোর জন্যও বাধ্যতামূলকভাবে মানা জরুরি।
যদি আপনি এখনো গুগল ক্রোম আপডেট না করে থাকেন, তবে দেরি না করে এখনই সেটি আপডেট করে ব্রাউজার রিস্টার্ট করুন। নিরাপদ ব্রাউজিংয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক পদক্ষেপ।











