Long Popup (2)
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজে হামলার হুমকি

Image 365286ProbashircityWebPopupUpdate

পাকিস্তানকে তাদের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ করে বুধবার মধ্যরাতে দুই ভাগে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে দেশে ফিরে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। কেননা পাকিস্তান বধের পর এবার ভারত সফরে যাবে নাজমুল শান্তর দল।

দুই ফরম্যাটের সিরিজ খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও আসন্ন এই সফরের একটি টি-টোয়েন্টি ম্যাচে হামলার হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এমনকি সম্প্রতি তারা দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরেও হামলার হুমকি দিয়েছে।

তবে এই হুমকি নিয়ে ভাবছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুসারেই ভারত সফরে দল পাঠাচ্ছে ক্রিকেট বোর্ড। শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তেমনটাই জানালেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

এদিকে, হুমকি দেওয়ার পর গুঞ্জন উঠেছে পরিবর্তন করা হতে পারে দ্বিতীয় টেস্টের ভেন্যু। ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বলা হয় বাংলাদেশের নানা প্রান্তে সনাতন ধর্মের অনুসারী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চলছে। সরকার পতনের রাত থেকে পরবর্তী দুই-তিনদিন চলতে থাকে এই অভিযোগ। যদিও পরবর্তীতে ফ্যাক্টচেকে জানা যায় এসবের প্রায় বেশিরভাগই ছিল গুঞ্জন।

বিসিসিআই সূত্রে এবিপি লাইভ দিন দুয়েক আগে জানিয়েছে, কানপুরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। বিষয়টি চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকেও। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা জানায়নি তারা। তবে এরপরই গুঞ্জন উঠেছে, হুমকি পাওয়া ভেন্যু পরিবর্তন করা হতে পারে। সেক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট স্থানান্তর হতে পারে ইন্দোরে।

বিষয়টি নিয়ে বিসিবির কাছে জানতে চাওয়া হলে নতুন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘না এরকম সবসময় সব দেশের খেলাতে অন এন্ড অফ থাকেই। আমার মনে হয়না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে পরিকল্পনা করা আছে, সেভাবেই করব।’

আসন্ন সিরিজের জন্য বাংলাদেশ দল কবে নাগাদ ঘোষণা করা হবে এমন প্রশ্নে ফাহিম বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারছি না, তবে দিন দুয়েকের মধ্যে দিয়ে দিতে পারে।’

উল্লেখ্য, ১৯ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে ১০টায়।

এরপরেই টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate