সর্বশেষ

প্রতিপক্ষ খেলোয়াড়কে চড় মেরে শাস্তির মুখে মেসি!

Ed516b2129c207572c918b65bc32f631 6a86eebe3918cWeb Popup (3)

ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়নের মধ্যকার মেজর লিগ সকারের (এমএলএস) লড়াইটি ২-২ গোলে ড্র হলেও শেষ মুহূর্তে মাঠে দেখা দেয় চরম বিশৃঙ্খলা। উত্তপ্ত সেই পরিস্থিতিতে প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়কে চড় মেরে বসেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। রেফারির চোখ এড়িয়ে তাৎক্ষণিকভাবে বেঁচে গেলেও এবার এমএলএসের শৃঙ্খলা কমিটির সম্ভাব্য শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ইন্টার মায়ামির এই অধিনায়ক।

ম্যাচের শেষ মুহূর্তে মায়ামির ইয়ান ফ্রে ফিলাডেলফিয়ার কুইন সুলিভানের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করলে কুইন তাঁকে মাটিতে আছড়ে ফেলেন। এতে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় কুইনের ভাই কাভান সুলিভান এগিয়ে এসে মায়ামির ইয়ানিক ব্রাইটের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। মাঠের এই চরম বিশৃঙ্খলার জেরে কাভান ও ব্রাইট দুজনকেই সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে নিজেদের দলের পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকবেন তাঁরা। অন্যদিকে, ঘটনার সূত্রপাত করা কুইন সুলিভানকে হলুদ কার্ড দেওয়া হয়।

মাঠের এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই কুইন সুলিভানের ঘাড়ের পেছনে চড় মারেন লিওনেল মেসি। এরপর মাথা ঠেকিয়ে দুজনের মধ্যে তীব্র বাক্যবিনিময়ও হয়। সবচেয়ে কাছাকাছি থাকা রেফারি চড় মারার দৃশ্যটি খেয়াল না করলেও পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই দুজনকে দ্রুত আলাদা করে দেন। তাৎক্ষণিকভাবে রেফারির দৃষ্টি এড়িয়ে যাওয়ায় ওই মুহূর্তে মেসিকে কোনো কার্ড বা শাস্তির মুখে পড়তে হয়নি।

তবে ইন্টার মায়ামির প্রতিবেদক হোসে আরমান্দোর বরাত দিয়ে সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, এমএলএসের শৃঙ্খলা কমিটি ইতিমধ্যে মেসির ওই আচরণের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। লিগের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে আঘাত করলে এবং এর ফলে পরিস্থিতি উত্তপ্ত হলে তাঁকে ন্যূনতম জরিমানার মুখে পড়তে হয়। নিয়মকানুন বিবেচনায় ধারণা করা হচ্ছে, নিষেধাজ্ঞার বদলে মেসিকে হয়তো আর্থিক জরিমানাই গুনতে হবে। আগামী শনিবার টরন্টো এফসির বিপক্ষে মায়ামির পরবর্তী ম্যাচ রয়েছে। শৃঙ্খলা কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের পরই জানা যাবে, সেই ম্যাচে মেসি মাঠে নামতে পারবেন কি না।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup