কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। পাশাপাশি আওয়ামী লীগ দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে চরমোনাই পীর বলেন, ‘আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। কিন্তু আজকে তাদের আচরণের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণের রাজনীতি বোঝা যাচ্ছে না। এসব জ্বালাও-পোড়াও দেশকে ধ্বংস করার একটি প্রক্রিয়া। আসুন, বিএনপি-আওয়ামী লীগসহ যত রাজনৈতিক দল আছে, সবাই একসঙ্গে বসি। আমরা এ দেশে জন্মগ্রহণ করেছি, এ দেশের ভালো-মন্দের সঙ্গে আমরা জড়িত। সব ব্যক্তিস্বার্থ পরিহার করে সুন্দর দেশ গড়তে সবাই একসঙ্গে কাজ করব।’
আরও
নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা এ দেশেরই সন্তান। কিন্তু আওয়ামী লীগের নামে যেসব কর্মকাণ্ড ঘটছে, সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য রাজনীতি হতে পারে না।’ ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও থানায় আগুন দেওয়ার মতো ঘটনা কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড—সে প্রশ্নও তোলেন তিনি।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ইসলামী আন্দোলনের আমির বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশায় ছাত্র-জনতা জীবন দিয়েছিলেন, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। তিনি বলেন, ‘দুঃখের সঙ্গে বলতে হয় আমরা ভুল করেছি। যাদেরকে আমরা রাষ্ট্র পরিচালনার চেয়ারে বসালাম, পুরোনোরাই নতুনভাবে শাড়ি পরে চেয়ারে বসেছে।’
বিএনপিকে উদ্দেশ করে রেজাউল করিম অভিযোগ করেন, দলটি ক্ষমতায় আসার প্রায় এক বছর হতে চললেও গণভোটের রায় বাস্তবায়ন করেনি। ক্ষমতায় যাওয়ার আগে দেওয়া সব প্রতিশ্রুতি ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায় উপেক্ষা করে দেশ পরিচালনা সম্ভব নয়।
বর্তমান ও অতীতের সরকারগুলোর নীতি ও আদর্শ ব্যর্থ হয়েছে উল্লেখ করে চরমোনাই পীর বলেন, এখন ইসলামই একমাত্র কার্যকর আদর্শ। ইসলামি আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হলে এবং সব পক্ষ একসঙ্গে কাজ করলে দেশে সুখ ও সমৃদ্ধির নতুন অধ্যায় তৈরি হবে।
এ ছাড়া ভোলার দীর্ঘদিনের ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্বীপজেলা ভোলাকে মেহেন্দীগঞ্জ-হিজলা হয়ে সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার সরকারি চিন্তাভাবনা পরিবর্তন করা উচিত। ভোলাবাসীর দাবি অনুযায়ী ভোলা-বরিশাল সেতু ভোলা ও বরিশালের মধ্য দিয়েই নির্মাণ করতে হবে।










