বিশ্বভ্রমণে বেরিয়ে এক অভিনব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন চীনের এক দম্পতি। ইন্দোনেশিয়া থেকে শুরু হওয়া তাঁদের এই যাত্রা তুরস্কে গিয়ে সম্পূর্ণ নতুন এক মোড় নেয়। সেখানে এক তুর্কি পরিবারের আতিথেয়তা, আন্তরিকতা ও পবিত্র কোরআনের সংস্পর্শে এসে বদলে যায় তাঁদের জীবন। শেষ পর্যন্ত তারা ইসলাম গ্রহণ করেন এবং দীর্ঘ আট বছরের সংসার জীবনের পর নতুন করে ইসলামী রীতিতে বিয়েও করেন এই দম্পতি।

প্রায় দুই বছর আগে রাজধানী বেইজিংয়ের চাকরি ছেড়ে নতুন অভিজ্ঞতা অর্জন এবং বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন মোইয়েন সং ও লুওশি শু। ইন্দোনেশিয়া ভ্রমণের সময় দেশটির মুসলমানদের আতিথেয়তা ও সুন্দর আচরণ তাঁদের বিশেষভাবে আকৃষ্ট করে, যা তাঁদের মনে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি করে। এরপর তুরস্কে পৌঁছালে আনতালিয়া শহরের ঐতিহাসিক কালেইচি এলাকায় অবসরপ্রাপ্ত তুর্কি দম্পতি আয়সেল ও আবদুর রহমান আককোজের সঙ্গে তাঁদের আকস্মিক পরিচয় হয়। ভাষাগত ভিন্নতা থাকলেও অনুবাদ অ্যাপের সহায়তায় তাঁদের মধ্যে দ্রুত আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে।
আরও
আয়সেলের আমন্ত্রণে ঐতিহ্যবাহী তুর্কি নাশতা খেতে গিয়ে চীনা দম্পতি ইসলাম সম্পর্কে নানা প্রশ্ন করতে শুরু করেন। তাঁদের আগ্রহ দেখে আয়সেল তাঁদের পবিত্র কোরআনের একটি কপি উপহার দেন। এই উপহার তাঁদের জীবনে গভীর প্রভাব ফেলে। চীনে ফিরে গিয়ে তাঁরা ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। তবে তাঁরা চেয়েছিলেন, যে শহরে তুর্কি পরিবারের সঙ্গে পরিচয় হয়েছিল, সেখানেই আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করবেন। সেই উদ্দেশ্যে তাঁরা পুনরায় আনতালিয়ায় ফিরে আসেন।


আনতালিয়ার আকদেনিজ বিশ্ববিদ্যালয়ের মসজিদে তুর্কি পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাঁরা ইসলাম গ্রহণ করেন। মোইয়েন সং নিজের নতুন নাম রাখেন মুহাম্মদ মুরাদ এবং তাঁর স্ত্রী লুওশি শু নাম রাখেন লায়লা বাতুল। এ সময় তাঁদের আট বছর আগের বিয়েও ইসলামী রীতি অনুযায়ী নতুন করে পড়ানো হয়।
ইসলাম গ্রহণের কারণ সম্পর্কে মুহাম্মদ মুরাদ জানান, বিভিন্ন দেশে মুসলমানদের দয়া, সততা ও সুন্দর আচরণ তাঁদের সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। কোনো চাপ ছাড়া, কেবল মুসলমানদের ব্যক্তিগত আচরণ পর্যবেক্ষণ এবং তাঁদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানার আগ্রহ থেকেই তাঁরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন। ইসলাম গ্রহণের পর তাঁরা আগের চেয়ে বেশি মানসিক প্রশান্তি অনুভব করছেন বলেও জানান। বর্তমানে এই দুই পরিবারের মধ্যে গভীর পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে এবং তুর্কি দম্পতিকে তাঁরা ‘দাদা-দাদি’ সম্বোধন করেন।
সূত্র : আল জাজিরা










