সর্বশেষ

হজযাত্রীদের সেবায় বিশেষ অ্যাপ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

Chief advisor to launch special app to serve hajj pilgrimsCity ads Investment (1)

পবিত্র হজ পালনকে আরও নির্বিঘ্ন ও সহজ করার লক্ষ্যে সরকার আধুনিক প্রযুক্তি নির্ভর একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন চালু করতে যাচ্ছে। ‘লাব্বাইক’ নামের এই অ্যাপটি হজযাত্রীদের বিভিন্ন সেবায় সহায়তা করবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে রবিবার জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার বিকেল ৪টায় তার বাসভবন যমুনাতে এই নতুন সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই দিনে হজযাত্রীদের জন্য হজ প্রি-পেইড কার্ড এবং মোবাইল ফোনে রোমিং সুবিধাও চালু করা হবে।

মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল ফারুক গণমাধ্যমকে জানান, হজ পালনকালে হজযাত্রীরা যেসব সমস্যার সম্মুখীন হন, তা নিরসনের পাশাপাশি বাংলাদেশি হাজিদের জন্য হজের অভিজ্ঞতা আরও সহজ করতে ‘লাব্বাইক’ অ্যাপ, প্রিপেইড কার্ড ও রোমিং সুবিধা চালুর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোনো হজযাত্রী হারিয়ে গেলে, অসুস্থ হয়ে পড়লে অথবা অন্য কোনো প্রকার বিপদে পড়লে, এই ‘লাব্বাইক’ অ্যাপের এসওএস (সেভ আওয়ার সোলস) বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সাপোর্ট টিম দ্রুত তাদের উদ্ধার বা সাহায্য করতে এগিয়ে আসবে। অ্যাপটির লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে হজযাত্রীরা গুগল ম্যাপে নিজেদের এবং তাদের দলের অন্যান্য সদস্যদের অবস্থান সহজেই জানতে পারবেন। এছাড়াও, এই অ্যাপের মাধ্যমে নামাজের সময়সূচি ও আবহাওয়ার পূর্বাভাস জানা যাবে। ফ্লাইটের বিস্তারিত তথ্য, যেমন ফ্লাইট কোড, বোর্ডিংয়ের সময়, উড্ডয়ন ও অবতরণের সময়, মালপত্রের ওজনসীমা ইত্যাদিও অ্যাপটিতে পাওয়া যাবে। দৈনিক হজ সিডিউল এবং আবাসনের তথ্য, যেমন হোটেলের নাম, ঠিকানা, দূরত্ব, ছবি, ভিডিও এবং চেক-ইন বা চেক-আউটের তারিখও এই অ্যাপের মাধ্যমে জানা যাবে।

নতুন এই অ্যাপটির একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো, এর মাধ্যমে পরিবারের সদস্যরাও তাদের হজযাত্রীর অবস্থান ট্র্যাক করতে পারবেন। এছাড়াও, মিনা-আরাফার তাবুর অবস্থান চিহ্নিত করা, হজ প্রি-পেইড কার্ডের ব্যালেন্স জানা, ডিজিটাল স্বাস্থ্য প্রোফাইল তথ্য ও সার্বক্ষণিক ভার্চুয়াল স্বাস্থ্য সহায়তা পাওয়া, বাংলাদেশ মেডিক্যাল সেন্টার ও সৌদি আরবের হাসপাতালগুলোর তথ্য জানা, গাইডভিত্তিক দলগত যোগাযোগের সুবিধা, কুরআন ও হাদিস লাইব্রেরি, কিবলা নির্ণয়, ডিজিটাল তাসবিহ, হজ ও উমরাহ বিষয়ক হ্যান্ডবুক, কোরবানি কুপন সংগ্রহের কেন্দ্রগুলোর তালিকা এবং মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানগুলোর বিবরণ এই অ্যাপে অন্তর্ভুক্ত থাকবে। হজ এজেন্সিগুলোর তথ্য, যেমন এজেন্সির নাম, লাইসেন্স নম্বর, প্যাকেজ, রেটিং ও রিভিউ দেওয়ার সুযোগও থাকবে।

‘লাব্বাইক’ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করা যাবে। ডাউনলোডের পর রেজিস্ট্রেশনের জন্য ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাইয়ের মাধ্যমে ৪ ডিজিটের পিন নম্বর সেট করতে হবে। রেজিস্ট্রেশনের সময় হজযাত্রীর মোবাইল নম্বর, পিআইডি (পিলগ্রিম আইডি) ও জন্মতারিখের প্রয়োজন হবে। একজন হজযাত্রী তার পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্যকে ইনভাইটেশনের মাধ্যমে অ্যাপে যুক্ত করতে পারবেন। পরিবারের কোনো সদস্যের নাম ও মোবাইল নম্বর দিয়ে ইনভাইটেশন পাঠালে, সেই সদস্য তার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার পরই হজযাত্রীর তথ্য জানতে পারবেন। এছাড়াও, গেস্ট ইউজার হিসেবেও অ্যাপটিতে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে, যা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৪ অথবা ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন এবং ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup