Long Popup (2)
সর্বশেষ

শেখ হাসিনার সঙ্গে আলোচনা সভায় থাকবেন সাকিব

Image 315245ProbashircityWebPopupUpdate

টানা দুই বছর লোকচক্ষুর আড়ালে থাকার পর প্রথমবারের মতো প্রকাশ্য কোনো অনুষ্ঠানে বক্তব্য দিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য একটি ভার্চ্যুয়াল আয়োজনে তাঁর সঙ্গে যোগ দেবেন তারকা ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানও। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের বরাত দিয়ে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই হতে যাচ্ছে শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক ও প্রকাশ্য উপস্থিতি।

নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি মিলনায়তনে ‘ফরেন করেসপনডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (এফসিসি সাউথ এশিয়া) এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজক ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতাগুলোতে পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। জানা গেছে, এই ভার্চ্যুয়াল আয়োজনে শেখ হাসিনা তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং পুনরায় বাংলাদেশে প্রত্যাবর্তনের সম্ভাব্য রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এফসিসি সাউথ এশিয়া ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবস (আইএপিসি)-এর সভাপতি ড. ওয়াইল আওয়াদ এতে সভাপতিত্ব করবেন।

আলোচিত এই আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও সাকিবের পাশাপাশি আরও বেশ কয়েকজন পরিচিত মুখ অংশ নিচ্ছেন। আমন্ত্রণপত্রের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিকী। এ ছাড়া সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাসবাদবিষয়ক বিশ্লেষক আবু ওবায়দা আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএ-এর পরিচালক শাহ মো. বখতিয়ারও এই আয়োজনে যুক্ত থাকবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন তীব্র রূপ ধারণ করলে তা একপর্যায়ে দেশব্যাপী ব্যাপক সরকারবিরোধী গণ-অভ্যুত্থানে পরিণত হয়। উদ্ভূত চরম পরিস্থিতিতে ওই বছরের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা, যার মধ্য দিয়ে তাঁর প্রায় ১৬ বছরের টানা শাসনের অবসান ঘটে। দেশ ছাড়ার পর থেকে তিনি সব ধরনের গণমাধ্যম ও প্রকাশ্য অনুষ্ঠান থেকে সম্পূর্ণ দূরে ছিলেন। ফলে আগামী ৫ আগস্টের এই বক্তব্য দেশি ও বিদেশি রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate