Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

132ProbashircityWebPopupUpdate

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক হজযাত্রীর লাগেজ হারানোকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৩ জুন) সকালে উপজেলা শহরের কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ী গ্রামের লোকজনের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চলতি বছর শাহপুর গ্রামের এক বৃদ্ধা নারী হজ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে তাঁর একটি লাগেজ হারিয়ে যায়। দেশে ফেরার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ওই হারিয়ে যাওয়া লাগেজের বিষয়ে খোঁজ নিতে আড়াইবাড়ী গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিনের পরিচালিত একটি হজ কাফেলা প্রতিষ্ঠানে যান। কিন্তু প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, লাগেজ হারানোর দায়ভার সম্পূর্ণ হজযাত্রীর নিজস্ব এবং এ বিষয়ে তাদের কিছুই করার নেই।

কাফেলা কর্তৃপক্ষের এমন উত্তরের পর উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও মারামারিতে গড়ায়। ওই দিনের ঘটনার পর থেকেই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে আজ শনিবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কদমতলী মোড়ে জড়ো হয়ে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুরো এলাকাজুড়ে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে কসবা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা জানান, পূর্ববিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate