Long Popup (2)
সর্বশেষ

প্রবাসী কার্ড চালু হচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

Sa 123.1778841483ProbashircityWebPopupUpdate

প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা ও মর্যাদা নিশ্চিত করতে সরকার খুব শিগগিরই ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ শনিবার (১৬ মে) দুপুরে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, রেমিট্যান্স যোদ্ধাদের সরকারি সহায়তা প্রাপ্তি আরও সহজ করার পাশাপাশি তাঁদের বিশেষ সম্মান ও সুরক্ষা নিশ্চিত করতেই এই কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশে জমি কমে যাওয়ায় ভবিষ্যতে প্লটের পরিবর্তে আধুনিক অ্যাপার্টমেন্টভিত্তিক প্রকল্প নেওয়া হবে। সিলেট থেকেই এই উদ্যোগ শুরু হতে পারে, যেখানে কেবল প্রবাসীরাই বরাদ্দ পাবেন। এসব প্রকল্পে প্রবাসীদের জন্য সার্বিক নিরাপত্তা, বাজার, উন্নত নাগরিক সুবিধাসহ সরকারি সুরক্ষা নিশ্চিত করা হবে।

দেশে বিনিয়োগের ক্ষেত্রে লাইসেন্স ও অনুমোদন নিতে গিয়ে প্রবাসীরা যেন বিভিন্ন দপ্তরে ঘুরে হয়রানির শিকার না হন, সে জন্য সরকার একটি বিশেষ সেল গঠন করেছে বলেও জানান আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, এই সেল প্রবাসীদের পক্ষে কাজ করে তাঁদের বিনিয়োগ শতভাগ নিরাপদ করতে সহায়তা করবে। এ ছাড়া প্রবাসীদের সুবিধার্থে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন এলাকায় জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল ইউনিট, চিকিৎসক, নার্স ও অ্যাম্বুলেন্স সুবিধাও চালু করা হচ্ছে।

প্রবাসীকল্যাণমন্ত্রী আরও জানান, বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ সম্পূর্ণ বিনা খরচে দেশে এনে তাঁদের নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও সরকার ইতিমধ্যে চালু করেছে। এদিনের অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী ও পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate