সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের আকামা ও ভিসার মেয়াদ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত এক বাংলাদেশির মরদেহ গ্রহণ শেষে তিনি এ কথা জানান।
রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় প্রাণ হারান প্রবাসী মো. শাহেদ আহম্মেদ। এদিন সকালে তার মরদেহ দেশে পৌঁছালে তা গ্রহণ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি নিহতের পরিবারের সদস্যদের হাতে সরকারি সহায়তার চেক তুলে দেন এবং তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে এ নিয়ে মোট ১১ জন প্রবাসীর মরদেহ দেশে ফিরল।
অন্যদিকে, সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশির শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায়ও তৎপর রয়েছে সরকার। ঠিক কী কারণে এবং কোন প্রক্রিয়ায় এই দণ্ড দেওয়া হয়েছে, তা বিস্তারিত জানতে সৌদি সরকারের কাছে রায়ের কপি চাওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।







