সৌদি আরবের তাবুক শহরে এক বাংলাদেশি কর্মীর বিরুদ্ধে দোকানমালিকের লাখোর্ধ্ব রিয়াল আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই কর্মীর নাম রিয়াদ, তাঁর বাড়ি বাংলাদেশের নোয়াখালীর সেনবাগ উপজেলায়। বিপুল অঙ্কের এই অর্থ আত্মসাতের ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী দোকানমালিক জানান, ব্যবসায়িক প্রয়োজনে তাঁকে বেশির ভাগ সময়ই জেদ্দায় অবস্থান করতে হয়। মালিকের এই অনুপস্থিতির সুযোগে তাবুকের ওই পাইকারি দোকানের সম্পূর্ণ দায়িত্ব হাতে পেয়ে বিশ্বাসের চরম অপব্যবহার করেন রিয়াদ। প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী, ক্যাশে নগদ ৪০ হাজার রিয়াল ছিল। এর মধ্যে ১৮ হাজার রিয়ালের মালামাল বুঝিয়ে দিলেও বাকি ২২ হাজার রিয়ালের কোনো হদিস পাওয়া যায়নি।
হিসাবের এই গরমিল ছাড়াও সিগারেটের ব্যবসার প্রায় ৫৮ হাজার রিয়াল এবং শেখ মার্কেটের স্থানীয় গ্রাহকদের কাছে বকেয়া থাকা আরও অন্তত ২০ হাজার রিয়াল তুলে নিয়ে আত্মসাৎ করেছেন তিনি। সব মিলিয়ে প্রায় এক লাখ পাঁচ হাজার সৌদি রিয়াল নিয়ে তিনি পালিয়ে গেছেন। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শুরু করেছেন ভুক্তভোগী মালিক।










