সৌদি আরবে ভোক্তাদের খরচের ধরনে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য ও অভাবনীয় পরিবর্তন লক্ষ করা গেছে। আরব নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটিতে সামগ্রিক ভোক্তা ব্যয় ৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩ দশমিক ৩৭ বিলিয়ন সৌদি রিয়ালে পৌঁছেছে। তবে ব্যয়ের এই বৃদ্ধিতে সব খাতের সমান অংশগ্রহণ নেই। পরিসংখ্যান বলছে, নাগরিকরা এখন হোটেল, রেস্তোরাঁ, বিনোদন ও গৃহস্থালি পণ্যের পেছনে প্রচুর অর্থ ব্যয় করলেও শিক্ষা খাতে তাদের খরচ অর্ধেকের বেশি কমে গেছে।
খাতভিত্তিক ব্যয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এক সপ্তাহে সবচেয়ে বড় উল্লম্ফন ঘটেছে আবাসন বা হোটেল খাতে। এ খাতে ব্যয় ২০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৩১১ দশমিক ১৫ মিলিয়ন রিয়ালে দাঁড়িয়েছে। পাশাপাশি বিনোদন খাতে ১৮ দশমিক ৫ শতাংশ, আসবাবপত্র ও গৃহস্থালি পণ্যে ১৪ দশমিক ৫ শতাংশ এবং রেস্তোরাঁ ও ক্যাফেতে ১১ দশমিক ৪ শতাংশ ব্যয় বেড়েছে। এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে শিক্ষা খাতে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই খাতে ব্যয় ৫১ দশমিক ৫ শতাংশের বিশাল পতনের মাধ্যমে ৮৭ দশমিক ৫৬ মিলিয়ন রিয়ালে নেমে এসেছে, পাশাপাশি শিক্ষা-সংশ্লিষ্ট লেনদেনের পরিমাণও কমেছে ৩৪ দশমিক ৬ শতাংশ।
ভোক্তা ব্যয়ের এই নতুন ধরনকে অর্থনীতিবিদ তালাত হাফিজ সৌদি আরবের পরিবর্তিত অর্থনৈতিক কাঠামোর ইতিবাচক প্রতিফলন হিসেবে দেখছেন। তাঁর মতে, দেশজুড়ে ক্রীড়া, বিনোদন ও পর্যটনকেন্দ্রিক নানা আয়োজনের কারণে মানুষের অভ্যন্তরীণ ভ্রমণ ও অবসরকালীন ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। শহরভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে রাজধানী রিয়াদে (৪.৬৯ বিলিয়ন রিয়াল); তবে মক্কা ও মদিনায় ব্যয়ের প্রবৃদ্ধি বেশ আশাব্যঞ্জক (যথাক্রমে ৮.৪ ও ১০ শতাংশ)। আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া ‘রিয়াদ সিজন’ পর্যটক ও দর্শনার্থীদের আকৃষ্ট করার মাধ্যমে এই ব্যয়কে আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। সামগ্রিকভাবে এই চিত্র সৌদি আরবের তেলনির্ভরতা কমিয়ে একটি বহুমুখী ও পর্যটননির্ভর অর্থনীতি গড়ে তোলার সফল প্রচেষ্টাকেই নির্দেশ করছে।
আরও
তথ্যসূত্র: আরব নিউজ









