সৌদি-সমর্থিত সরকারি বাহিনীকে হটিয়ে ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী কৌশলগত শহর আল-মাখার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শহরটি দখলের পর হুতি যোদ্ধারা এখন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে। তবে এই বিপর্যয়ের বিষয়ে ইয়েমেন সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। সূত্রগুলোর দাবি, পুরো লোহিত সাগরীয় উপকূল দখলের অংশ হিসেবে প্রণালির কাছাকাছি থাকা আরও কয়েকটি উপকূলীয় শহরের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
গত প্রায় এক সপ্তাহ ধরে ইয়েমেনজুড়ে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে তীব্র মাত্রায় লড়াই চলছে। এই সংঘাত এখন শুধু ইয়েমেনের ভেতরেই সীমাবদ্ধ নেই, তা সীমানা পেরিয়ে প্রতিবেশী সৌদি আরব পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সৌদি ভূখণ্ডের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোতে হুতিদের ভয়াবহ হামলায় অন্তত এক শ মানুষ আহত হয়েছেন। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আল-মাখার মতো গুরুত্বপূর্ণ শহরের পতন ইয়েমেন সরকার ও সৌদি জোটের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
আল-মাখা শহরের নিয়ন্ত্রণ হারানোকে কৌশলগত দিক থেকে চরম বিপর্যয়কর বলে মনে করছেন সমরবিদেরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা বিশ্লেষক উলফগ্যাং পুস্তাই জানান, এই বিজয়ের মধ্য দিয়ে হুতিরা এখন ইয়েমেনের প্রায় পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তিনি সতর্ক করে বলেন, বিদ্রোহীরা যদি এখন তাইজ ও আল-মাখার মধ্যকার প্রধান সংযোগ সড়কটি বিচ্ছিন্ন করতে সক্ষম হয়, তবে তা সরকারি বাহিনীর জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে এবং পুরো অঞ্চলে হুতিদের আধিপত্য আরও সুসংহত হবে।
আরও
এই বিশ্লেষকের মতে, কৌশলগত দিক থেকে হরমুজ প্রণালির চেয়ে বাব এল-মান্দেব প্রণালি অনেক বেশি সরু। হরমুজের প্রস্থ যেখানে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল), সেখানে বাব এল-মান্দেবের প্রস্থ মাত্র ২০ কিলোমিটার (১২ মাইল)। ফলে এই সরু জলপথে চলাচলকারী জাহাজে হামলা চালাতে হুতিদের আর কোনো উন্নত ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হবে না; উপকূল থেকে কেবল সাধারণ আর্টিলারি বা কামান ব্যবহার করেই তারা প্রণালির নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে। এই পরিস্থিতি সৌদি আরবের নৌপরিবহনসহ গোটা বিশ্বের আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে।
আরও দেখুন









