Long Popup (2)
সর্বশেষ

সৌদি আরবে রেসিং কারের চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু

Gphrgo prbsCity

সৌদি আরবের জেদ্দায় রেসিং কারের চাপায় জাহাঙ্গীর মিয়া (২১) নামে এক বাংলাদেশি কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে কাজ শেষে ব্যক্তিগত কেনাকাটা করতে বের হলে এই দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত জাহাঙ্গীর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় মাত্র এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান জাহাঙ্গীর। জেদ্দা শহরের একটি কোম্পানিতে কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। শনিবার রাতের শিফট শেষে বাসায় ফিরে প্রয়োজনীয় কেনাকাটার জন্য স্থানীয় একটি দোকানে যাচ্ছিলেন তিনি। রাত ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় স্থানীয় এক তরুণের বেপরোয়া গতির একটি রেসিং কার তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ মরদেহ উদ্ধার করে জেদ্দার একটি হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করে।

রোববার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করেন নিহত জাহাঙ্গীরের ফুফা জাহেদুর রহমান সুমন। তিনি জানান, এক বছর আগে অনেক স্বপ্ন নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন জাহাঙ্গীর। তাঁর বাবা নিজেও কুয়েতে একজন কর্মী হিসেবে কাজ করছেন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর ছিলেন অন্যতম। দেশে তাঁর মাত্র ১১ মাস বয়সী একটি শিশুপুত্র রয়েছে। দুর্ঘটনার খবর আসার পর থেকে পরিবারটিতে শোকের মাতম চলছে।

তরুণ এই বাংলাদেশি কর্মীর আকস্মিক মৃত্যুতে তাঁর নিজ গ্রাম পালইকান্দাসহ পুরো গফরগাঁও উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন স্বজনেরা। এখন দ্রুততম সময়ের মধ্যে জাহাঙ্গীরের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি সহযোগিতার আকুতি জানিয়েছেন তাঁরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate