আন্তর্জাতিক রুটের ফ্লাইটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘সৌদিয়া’। ইকোনমি ও বিজনেস—উভয় শ্রেণির যোগ্য আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীরা এই বিশেষ সুবিধা পাবেন। গত ২০ আগস্ট থেকে শুরু হওয়া এই অফারের আওতায় টিকিট কাটার সুযোগ থাকবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অফারে কেনা টিকিটে চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভ্রমণ করা যাবে। ওয়ান-ওয়ে এবং রিটার্ন—উভয় ধরনের আন্তর্জাতিক যাত্রাতেই এই ছাড় কার্যকর হবে। বিশেষ এই সুবিধা পেতে যাত্রীদের আলাদা কোনো প্রোমো কোড ব্যবহার করতে হবে না; সৌদিয়ার অফিশিয়াল বুকিং প্ল্যাটফর্মগুলোতে স্বয়ংক্রিয়ভাবেই নির্ধারিত ছাড়ের টিকিট পাওয়া যাবে। তবে আসন সংখ্যা, গন্তব্য এবং ভ্রমণের তারিখভেদে টিকিটের মূল্য ও ছাড়ের পরিমাপে কিছুটা তারতম্য হতে পারে।
বিমান ভাড়ার পাশাপাশি নিজেদের লয়্যালটি প্রোগ্রাম ‘আলফুরসান’-এর সদস্যদের জন্য ১০০ শতাংশ বোনাস টায়ার ক্রেডিট দেওয়ারও ঘোষণা দিয়েছে সংস্থাটি। এছাড়া উপযুক্ত শর্ত পূরণকারী যাত্রীরা সৌদি আরবের ৯৬ ঘণ্টার ইলেকট্রনিক ‘স্টপওভার ভিসা’ সুবিধাও নিতে পারবেন, যার মাধ্যমে ট্রানজিট সময়ে দেশটিতে ঘোরাঘুরি কিংবা ওমরাহ পালন করা সম্ভব হবে।











