ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রশিক্ষকসহ দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উড্ডয়নের মাত্র ২০ মিনিটের মাথায় গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। নিহত দুজন হলেন গুজরাটের শচীন ভাটিয়া এবং কর্ণাটকের অভিষেক পূজারি। পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে একজন প্রশিক্ষণার্থী এবং অপরজন অভিজ্ঞ প্রশিক্ষক ছিলেন, যাঁর প্রায় তিন হাজার ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা ছিল।
কানপুরের গার্গ এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে চার আসনের দুই ইঞ্জিনবিশিষ্ট বিমানটি সকাল সাড়ে ১১টার দিকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের পর প্রশিক্ষণ কেন্দ্রে ফেরার পথেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। কানপুর নগরের পুলিশ কমিশনার রঘুবীর লাল জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাকে (ডিজিসিএ) বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া চিত্রে দেখা যায়, ঘাস ও গাছপালায় ঘেরা ওই এলাকায় বিমানটির ধাতব অংশগুলো দুমড়েমুচড়ে ছিন্নভিন্ন অবস্থায় পড়ে আছে।
প্রাথমিকভাবে কর্মকর্তারা জানিয়েছেন, আকাশেই বিমানটি নিয়ন্ত্রণ হারানোর ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে যান্ত্রিক ত্রুটি বা নিয়ন্ত্রণহীনতার ঘটনা ঘটল, তা নিশ্চিত করতে শিগগিরই আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে। জানা গেছে, বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানটি ২০২৩ সালে গার্গ এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্রে আনা হয়েছিল। এদিকে এই দুর্ঘটনায় দুই পাইলটের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।
আরও










