সৌদি আরবে প্রবেশ, দেশটি ত্যাগ কিংবা ট্রানজিট ফ্লাইটের যাত্রীদের ভ্রমণ নথি কঠোরভাবে যাচাইয়ের নির্দেশ দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (গাকা)। গতকাল রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি বিমান পরিষেবা সংস্থাগুলোকে এই নতুন নির্দেশনা দেওয়া হয়।
গাকার জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে সৌদি আরবের প্রতিটি বেসরকারি বিমান সংস্থাকে তাদের উড়োজাহাজের যাত্রীদের ভ্রমণবিষয়ক তথ্য আবশ্যিকভাবে সংগ্রহ ও যাচাই করতে হবে। যাচাই-বাছাই শেষে বিমান সংস্থাগুলোকে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাপ্তরিক চ্যানেল অথবা তাদের অনুমোদিত প্রতিষ্ঠানে যাত্রীদের এসব ভ্রমণ নথি সরবরাহ করতে হবে।
পাশাপাশি যাত্রীরা যেন নিজেদের ভ্রমণবিষয়ক প্রয়োজনীয় নথি সব সময় সঙ্গে রাখার বিষয়ে আগে থেকেই সচেতন থাকতে পারেন, সে জন্য বিমান সংস্থাগুলোকে যথাযথ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে হঠাৎ করে যাত্রীদের তথ্য যাচাইয়ের এমন কড়াকড়ি আরোপ করা হলো, তা এখনো স্পষ্ট করেনি সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।











