সৌদি আরবের মদিনা শহরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নুরুল মোস্তফা (রাফাত) নামের এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময় বিকেলে এই দুর্ঘটনা ঘটে। জীবিকার তাগিদে প্রবাসী হওয়া এই তরুণের অকালমৃত্যুতে তাঁর গ্রামের বাড়িতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত নুরুল মোস্তফা চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের মৃত নুরুল আবছারের ছেলে। জানা গেছে, শনিবার বিকেলে মদিনা শহরে তিনি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নুরুল মোস্তফার ফেসবুক অ্যাকাউন্টের বায়োতে (পরিচিতি) লেখা ছিল, ‘আমার মরণে যদি আপনার অশ্রু না গড়ায়, তবে আমার জন্মটাই বৃথা।’ তাঁর এমন আবেগঘন কথার মতোই অকাল এই মৃত্যুতে আজ সত্যি সত্যিই কাঁদছেন তাঁর স্বজন ও পরিচিতজনেরা। তরুণ এই রেমিট্যান্স যোদ্ধার এমন আকস্মিক বিদায়ে এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।











