সৌদি আরবে আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহের ব্যবধানে আরও ১৪ হাজার ৯৭০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একইসময়ে ১৩ হাজার ২৫১ জনের ভিসা বাতিল নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই বিপুল সংখ্যক মানুষকে আটক করেছে কর্তৃপক্ষ।
পরিসংখ্যান অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আবাসন আইন লঙ্ঘন করেছেন, যার সংখ্যা ৭ হাজার ৪৩৭ জন। এছাড়া ৩ হাজার ৯৯১ জনকে সীমান্ত নিরাপত্তা আইন অমান্য করায় এবং ৩ হাজার ৫৪২ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে। এর বাইরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৬২৬ জনকে গ্রেপ্তার করা হয়। এসব অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় ও কাজ দিয়ে সহায়তা করার অভিযোগে আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, বর্তমানে ৩০ হাজার ৫৪৬ জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যার মধ্যে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ এবং ১ হাজার ৯৮৯ জন নারী। পাশাপাশি, ১৭ হাজার ৭৪৭ জনকে ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে।









