সৌদি আরবের আসির সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ ১৪ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। মূলত ২৪০ কেজি ওজনের নিষিদ্ধ ‘খাট’ নামক মাদক পাচারের সময় হাতেনাতে ধরা পড়েন তারা।
আসির অঞ্চলের রাবোয়া সেক্টরে নিয়মিত টহল দেওয়ার সময় এই পাচারকারীদের আটক করে সীমান্তরক্ষী বাহিনীর স্থল টহল দল। কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত পাচারকারী এবং জব্দকৃত বিপুল পরিমাণ মাদকগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাদক নিয়ন্ত্রণে বরাবরের মতোই কঠোর অবস্থান নিয়েছে সৌদি প্রশাসন। দেশটির সীমান্তরক্ষী বাহিনী সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, মাদক চোরাচালান বা ব্যবসার যেকোনো তথ্য পেলে তা যেন অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। এজন্য নির্দিষ্ট হটলাইন নম্বর ও ইমেইল ঠিকানাও প্রকাশ করা হয়েছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাদের কোনো আইনি জবাবদিহিতার সম্মুখীন হতে হবে না।








