৩ দেশে নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ভিসা প্রদানের ওপর স্থগিতাদেশ আরোপ করেছে সৌদি আরব। নাগরিকদের এই দেশগুলোতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি, এই তিন দেশ থেকে আসা ব্যক্তিদের সব ধরণের ভিসা প্রদান ও দেশটিতে প্রবেশের ওপরও সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। নতুন এই বিধিনিষেধের আওতায় এমন কোনো যাত্রীও সৌদিতে প্রবেশ করতে পারবেন না, যারা সৌদি আরবে আসার আগের ২১ দিনের মধ্যে এই তিনটি দেশের যেকোনো একটিতে অবস্থান করেছেন বা যাতায়াত করেছেন। এমনকি অন্য কোনো দেশ হয়ে আসলেও এই নিয়ম কঠোরভাবে পালন করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে দেশটির পাবলিক হেলথ অথরিটি ‘ওয়াকায়া’ এই ঘোষণা দিয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান।
আরও
ওয়াকায়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইবোলা ভাইরাসের ঝুঁকি মোকাবিলায় দেশটির স্বাস্থ্য মনিটরিং ব্যবস্থা সবসময় সজাগ রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয় করে সৌদি কর্তৃপক্ষ এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বর্তমানে সৌদি আরবের সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং দেশটিতে এখন পর্যন্ত ইবোলার কোনো রোগী শনাক্ত বা সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি।









