পবিত্র কাবার পুরোনো গিলাফ সরিয়ে পরানো হলো নতুন গিলাফ। স্বাভাবিকভাবেই লাখো মুসল্লির চোখ এখন সেই কালো কাপড়ের সোনালি সুতোর বুননে। কাবার গায়ে জড়ানো পবিত্র এই কিসওয়ার পরতে পরতে জড়িয়ে আছে এক বাংলাদেশির নিপুণ হাতের ছোঁয়া। তিনি মুখতার আলম। পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার হিসেবে কাজ করছেন চট্টগ্রামের এই কৃতি সন্তান। সম্প্রতি কাবার গায়ে নতুন গিলাফ পরানোর এই আনন্দঘন মুহূর্তে তাই সৌদি আরবের পাশাপাশি বাংলাদেশের মানুষের বুকেও বাজছে গৌরবের অনুরণন।
কাবার গিলাফ পরিবর্তন একটি ঐতিহাসিক ও আবেগময় ঐতিহ্য। কালো রেশমি কাপড়ের ওপর স্বর্ণ ও রুপার সুতোয় কোরআনের আয়াতগুলো নিখুঁতভাবে ফুটিয়ে তোলার যে বিশাল কর্মযজ্ঞ, তার নেতৃত্বে থাকেন এই মুখতার আলম। মক্কায় অবস্থিত কিসওয়া প্রস্তুতকারক কারখানায় তাঁর সরাসরি তত্ত্বাবধানেই ক্যালিগ্রাফির চূড়ান্ত নকশাগুলো তৈরি হয়। এরপর সেই নকশা অনুযায়ী সুনিপুণ হাতে সুতো দিয়ে বোনা হয় পবিত্র আয়াতগুলো।

আরও
মুখতার আলমের পৈতৃক নিবাস চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে। তাঁর বাবা ছিলেন পেশায় চিকিৎসক। ছোটবেলাতেই বাবার সঙ্গে তিনি সৌদি আরবে পাড়ি জমান এবং মক্কায় তাঁর বেড়ে ওঠা। মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে শিল্পকলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে সেখানেই তিনি শিক্ষকতা শুরু করেন। তাঁর অনন্য মেধা ও ক্যালিগ্রাফির প্রতি অসামান্য অনুরাগের কারণে ২০০২ সালে তিনি কাবার গিলাফ প্রস্তুতকারক কারখানায় ক্যালিগ্রাফার হিসেবে যোগ দেওয়ার বিরল সুযোগ পান। পরবর্তীতে নিজের দক্ষতা ও একাগ্রতার প্রমাণ দিয়ে তিনি প্রধান ক্যালিগ্রাফারের মর্যাদাপূর্ণ পদে উন্নীত হন।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তিনি এই পবিত্র ও সম্মানজনক কাজের সঙ্গে যুক্ত আছেন। অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সৌদি সরকার তাঁকে বিশেষ সম্মাননা এবং নাগরিকত্বও প্রদান করেছে। পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের এই বিশেষ দিনে মুখতার আলমের হাতের ছোঁয়ায় বোনা ক্যালিগ্রাফিগুলো শুধু কাবার সৌন্দর্যই বাড়াচ্ছে না, বরং বিশ্বদরবারে এক বাংলাদেশির অনন্য শিল্পবোধ ও মর্যাদার গল্পও বলে যাচ্ছে।









