সম্প্রতি সৌদি আরবে স্বামীসহ তাঁর বন্ধুদের বেধড়ক পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। মজলিসে বসে স্বামীর বন্ধুরা তাঁকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিলে তা কানে আসতেই রান্নাঘর থেকে চাবুক হাতে এভাবেই তেড়ে আসেন স্ত্রী।
সম্প্রতি এক্সে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দাবি করা হয়, এক ব্যক্তি তাঁর বাড়িতে বন্ধুদের দাওয়াত দিয়েছিলেন। আড্ডার একপর্যায়ে বন্ধুরা ওই ব্যক্তিকে বহুবিবাহের গুণাবলি সম্পর্কে বোঝাতে থাকেন এবং দ্বিতীয় বিয়ে করার জন্য উৎসাহ দিতে থাকেন। অন্যদিকে রান্নাঘরে তখন অতিথিদের জন্য রাতের খাবার তৈরিতে ব্যস্ত ছিলেন ওই ব্যক্তির স্ত্রী। কিন্তু বন্ধুদের সেই আলোচনা তাঁর কানে পৌঁছাতেই ঘটে বিপত্তি। রাগে অগ্নিশর্মা হয়ে তিনি দ্রুত একটি আবায়া পরে এবং হাতে চাবুক নিয়ে সেই মজলিসে হাজির হন। এরপর স্বামী ও তাঁর বন্ধুদের কাউকেই ছাড় দেননি তিনি। এলোপাতাড়ি চাবুকের ঘায়ে মজলিস পণ্ড করে দেন ক্ষুব্ধ নারী।
ঘটনাটি আদৌ সত্য কি না, তা নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে। তবে মূলধারার নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনো খবর প্রকাশিত হয়নি। নেটিজেনদের বড় একটি অংশ এবং সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষকদের মতে, এটি কোনো বাস্তব ঘটনা নয়। মধ্যপ্রাচ্যের অনেক কনটেন্ট ক্রিয়েটর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ পাওয়ার জন্য এ ধরনের মজার স্কিট তৈরি করে থাকেন। ভাইরাল হওয়া এই ভিডিওটিও তেমন কোনো সাজানো বা স্ক্রিপ্টেড কনটেন্ট হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। মজার ছলে তৈরি করা হলেও নেটিজেনরা ভিডিওটি নিয়ে বেশ হাস্যরসে মেতে উঠেছেন।










