সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আগামী শনিবার পর্যন্ত ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর-এনসিএম। বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, উপকূলীয় এলাকায় উঁচু ঢেউ এবং আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, মক্কা, আসির, আল-বাহা, মদিনা, কাসিম এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকাগুলোতে এই বৃষ্টির প্রভাব পড়বে। বিশেষ করে মক্কার তায়েফ, পূর্বাঞ্চলীয় প্রদেশের হাফর আল-বাতিন এবং মদিনা ও কাসিমের মধ্যবর্তী অঞ্চলগুলোতে সবচেয়ে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার বিকেল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান, আসির ও মক্কায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ছড়িয়ে পড়বে। তবে সন্ধ্যার দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে গিয়ে এই আবহাওয়া রিয়াদের দিকে অগ্রসর হবে এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের উত্তরাংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে।
মঙ্গলবার সকাল নাগাদ সারা দেশে বৃষ্টিপাত অনেকটাই কমে আসবে। তবে রিয়াদ ও এর আশপাশের এলাকায় হালকা পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সন্ধ্যা নাগাদ আসির, নাজরান ও জাজানে বৃষ্টির মাত্রা আবারও বাড়বে। এরপর বৃহস্পতিবার সকালে তাবুক, আল-জাউফ ও উত্তরের সীমান্তগুলোতে হালকা বৃষ্টি হলেও সন্ধ্যার দিকে আসির, নাজরান ও জাজানে আবারও ভারী বৃষ্টির দেখা মিলবে। শুক্রবার দুপুরের পর জাজান, আসির ও মক্কায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত পুনরায় শুরু হবে। শনিবার সকালে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর জাজান, আসির ও মক্কায় পুনরায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।









