সতিনের প্রতি সতিনের বিদ্বেষ নিয়ে সমাজে নানা নেতিবাচক ধারণা প্রচলিত থাকলেও এবার সম্পূর্ণ ভিন্ন এক চিত্র দেখা গেল সৌদি আরবে। গুরুতর অসুস্থ দ্বিতীয় স্ত্রীর জীবন বাঁচাতে নিজের লিভারের অংশ দান করেছেন প্রথম স্ত্রী। আর স্বামী দিয়েছেন নিজের একটি কিডনি। পরিবারের সদস্যদের এমন অভূতপূর্ব আত্মত্যাগ ও ভালোবাসার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে। জানা যায়, ওই সৌদি নাগরিকের দ্বিতীয় স্ত্রী দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিল রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দ্রুত অঙ্গ প্রতিস্থাপনের পরামর্শ দেন। এমন সংকটাপন্ন মুহূর্তে পরিবারের সদস্যরা তার পাশে এসে দাঁড়ান। স্বামী নিজের একটি কিডনি দ্বিতীয় স্ত্রীকে দান করার সিদ্ধান্ত নেন। একই সময়ে অসাধারণ মহানুভবতার পরিচয় দিয়ে প্রথম স্ত্রীও এগিয়ে আসেন, তিনি তার অসুস্থ সতিনকে নিজের লিভারের একটি অংশ দান করেন।
আরও
সৌদি আরবের সংবাদমাধ্যম ‘আল এখবারিয়া’ টিভির একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা এই পরিবারের প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই বলছেন, সতিন মানেই যে কেবল শত্রুতা নয়, বরং একে অপরের বিপদে পরম আপনজন হয়ে আত্মত্যাগের এই ঘটনা সমাজে এক নতুন বার্তা দিয়ে গেল। সবাই ওই নারীর দ্রুত সুস্থতা কামনা করছেন।









