সর্বশেষ

সৌদির বিমানবন্দরে প্রবাসীকে আনতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

1776696532 bf797894b784dd5bee4fac6ba52ce3b2ProbashircityWebPopupUpdate

সৌদি আরবের নাজরান শহরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নুর করিম ফরহাদ (৪৫) নামের নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এই ঘটনায় একই এলাকার আরও দুই প্রবাসী যুবক গুরুতর আহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে নাজরান এলাকায় একটি লরির সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। সোমবার সকালে সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নুর করিম ফরহাদ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চরবাটা গ্রামের চান্দু সওদাগর বাড়ির চান মিয়ার ছেলে। অন্যদিকে, এই দুর্ঘটনায় গুরুতর আহত মো. জুয়েল (২৮) এবং মো. হোসেন (৩২) একই এলাকার বাসিন্দা। জীবিকার সন্ধানে প্রায় তিন বছর আগে সৌদি আরবে পাড়ি জমান ফরহাদ। সম্প্রতি তিনি নুর হোসেন নামের ওই যুবককে নিজের মাধ্যমে দেশটিতে নিয়ে যান।

জানা গেছে, শনিবার রাতে নতুন ওই প্রবাসীকে বিমানবন্দর থেকে নিয়ে আসার পথেই নাজরান এলাকায় পৌঁছালে একটি লরির সঙ্গে তাঁদের গাড়ির ভয়াবহ সংঘর্ষ হয়। এতে গাড়িতে থাকা ফরহাদসহ তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই প্রবাসী জুয়েল ও হোসেন বর্তমানে স্থানীয় ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সড়ক দুর্ঘটনায় রেমিট্যান্স যোদ্ধা ফরহাদের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো পরিবার ও এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন স্বজনেরা। নিহত ওই প্রবাসীর মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে শেষকৃত্য সম্পন্ন করতে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate