সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিয়াজ মোর্শেদ তোতা মিয়া (৫০) নামের ময়মনসিংহের ভালুকা উপজেলার এক প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত সোমবার (২০ এপ্রিল) সৌদি আরবের স্থানীয় সময় বিকেল তিনটার দিকে আল-কাসিম থেকে হাইল শহরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তাঁর এই অকালমৃত্যুর খবরে পরিবার, স্বজন ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত তোতা মিয়া ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজা গ্রামের মরহুম হোসেন আলী দপ্তরীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন এবং সেখানে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। প্রবাসের পাশাপাশি দেশেও তাঁর সফল বিনিয়োগ ছিল; তিনি ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে অবস্থিত ‘আল-মদিনা শপিং কমপ্লেক্স’-এর স্বত্বাধিকারী ছিলেন।
সোমবার রাতে নিহতের ভাতিজা আল ফাহাদ সংবাদমাধ্যমকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ব্যবসায়িক কাজে তোতা মিয়া একটি জিপ গাড়িতে করে আল-কাসিম থেকে হাইল শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি কাভার্ডভ্যান তাঁদের গাড়িটিকে পাশ থেকে সজোরে চাপা দিলে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আরও
নিহতের স্বজনেরা জানিয়েছেন, তোতা মিয়ার মরদেহ বর্তমানে সৌদি আরবের হাইল শহরের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দেশটিতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে, প্রবাসী এই সফল ব্যবসায়ীর মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী মহল ও এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করছেন।









