সর্বশেষ

সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

Robbery at Saudi expatriate's homeCity ads Investment (1)

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ভোররাতে সংঘবদ্ধ ডাকাতদল ঘুমন্ত পরিবারের সদস্যদের ওপর চেতনানাশক স্প্রে প্রয়োগ করে অচেতন করে ফেলে এবং বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। সোমবার (১৫ ডিসেম্বর) আমিরাবাড়ি ইউনিয়নের গুজিয়াম ধনিয়াচালা এলাকার সৌদি প্রবাসী ছাইফুল ইসলাম খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাইফুল ইসলাম খান দীর্ঘ ২৬ বছর ধরে সৌদি আরবে কর্মরত। তাঁর অনুপস্থিতিতে বাড়িতে শুধু স্ত্রী ও সন্তানরা থাকতেন। ডাকাতরা গভীর রাতে লোহার সাবাল দিয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে এবং শিশুদের গলায় ছুরি ধরে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এরপর আলমারি ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী নাসরিন আক্তার জানান, ডাকাতদল মুহূর্তের মধ্যে ঘরের সবকিছু তছনছ করে দিয়েছে। বহু বছরের স্বামী–স্ত্রীর সঞ্চয় লুট হয়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি দ্রুত ডাকাতচক্রকে গ্রেপ্তার ও লুট হওয়া সম্পদ উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতিবেশীরা জানান, ভোরে কান্নাকাটির শব্দ পেয়ে তারা এসে দেখেন—বাড়ির গ্রিলের তালা ভাঙা, লাগেজ ছড়ানো, আলমারি ও ড্রয়ার ভাঙা অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা বলছেন, প্রবাসীর বহু বছরের পরিশ্রমের ফসল মুহূর্তে লুট হয়ে যাওয়ায় পরিবারটি মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।

এদিকে সৌদি আরব থেকে ফোনে ছাইফুল ইসলাম খান জানান, মেয়েদের বিয়ের জন্য সঞ্চিত স্বর্ণালংকার ডাকাতরা নিয়ে গেছে। তিনি এ ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত ও লুট হওয়া সম্বল উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। ত্রিশাল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup