মরুপ্রধান সৌদি আরবের বিস্তীর্ণ অঞ্চলে বিরল আবহাওয়ার ব্যতিক্রম দেখা দিয়েছে। লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। সাধারণত শুষ্ক আবহাওয়ার জন্য পরিচিত দেশটিতে এমন অস্থিতিশীল পরিস্থিতি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সৌদি জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম) সতর্ক করেছে, বর্ষণ অব্যাহত থাকলে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তর সীমান্তবর্তী এলাকাগুলোতে ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। হাইল, তাবুক, আল জৌফ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি বর্ষণের পাশাপাশি ঘন কুয়াশা দেখা গেছে, যা যানবাহন চলাচলেও প্রভাব ফেলছে।
এনসিএম জানিয়েছে, লোহিত সাগর থেকে প্রবাহিত শক্তিশালী বায়ুপ্রবাহের গতি ঘণ্টায় ১৮ থেকে ৪০ কিলোমিটার, যা বাড়তে বাড়তে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তর এ পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে এবং নাগরিকদের অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।
আরও
একই সঙ্গে পারস্য উপসাগর উপকূলেও অস্বাভাবিক আবহাওয়া দেখা দিচ্ছে। সেখান থেকে সৌদির দক্ষিণাঞ্চলে ১০ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদিতে কয়েকবার ভারী বর্ষণ দেখা গেলেও আবহাওয়াবিদরা চলমান পরিস্থিতিকে আরও অস্বাভাবিক ও উদ্বেগজনক বলে মনে করছেন।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতেই উপসাগরীয় অঞ্চলে এমন অপ্রত্যাশিত আবহাওয়া ঘন ঘন দেখা দিচ্ছে। বন্যা ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ মাঠপর্যায়ে নজরদারি জোরদার করেছে এবং জনসাধারণকে আবহাওয়া দপ্তরের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।












