সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় গৃহকর্মীদের আইনি স্বীকৃতি প্রদানের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পালানো বা অনুপস্থিত (হুরুব) গৃহকর্মীদের আইনি স্বীকৃতি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই সময়সীমা বর্ধিত করা হয়েছে।
ঘোষণায় বলা হয়, এই বাড়তি সময়ের মধ্যে কর্মী ও নিয়োগকর্তা উভয়েই মন্ত্রণালয়ের “মুসানেদ” (Musaned) অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এর মাধ্যমে পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী গৃহকর্মীদের তথ্য হালনাগাদ ও নতুন নিয়োগের প্রক্রিয়া সহজ হবে।
এর আগে চলতি বছরের ১১ মে থেকে ছয় মাসের একটি সময়সীমা ঘোষণা করা হয়েছিল, যা মূলত গৃহকর্মীদের অনুপস্থিতি সংক্রান্ত আইনি জটিলতা নিরসনের জন্য কার্যকর হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র সেইসব কর্মীদের ক্ষেত্রেই সময়সীমা প্রযোজ্য হবে, যাদের অনুপস্থিতির রিপোর্ট নতুন ঘোষণার আগে দাখিল করা হয়েছিল।
আরও
মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ গৃহকর্মী ও নিয়োগকর্তা উভয়ের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করবে এবং কর্মপরিবেশ আরও স্বচ্ছ ও নিরাপদ করে তুলবে। কর্মীরা আগের নিয়োগকর্তার ছাড়পত্র নিয়ে নতুন নিয়োগকর্তার মাধ্যমে “মুসানেদ” প্ল্যাটফর্মে লগইন করে সহজেই নতুন করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
সৌদি কর্তৃপক্ষ বলছে, মানবসম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শ্রমিকদের অধিকার সুরক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা দেশের অভ্যন্তরীণ কর্মবাজারকে আরও স্থিতিশীল করবে।












