সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের খেদমতগার সালমান বিন আবদুল আজিজ আল সাউদ সারা রাজ্যে ইসতিসকার নামাজ (বৃষ্টি প্রার্থনার নামাজ) আদায়ের আহ্বান জানিয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সৌদি রয়্যাল কোর্ট থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)–এর সুন্নত অনুসরণে আগামী বৃহস্পতিবার, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি, উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, সৌদি আরবের সব অঞ্চলে একযোগে এই নামাজ অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে সকল নাগরিককে তাওবা, ইস্তেগফার ও আল্লাহর পথে প্রত্যাবর্তনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আল্লাহর রহমত লাভের উদ্দেশ্যে নেক কাজ বৃদ্ধি, দান–সদকা করা, নামাজ আদায়, আল্লাহর স্মরণ এবং সমাজে কষ্টে থাকা মানুষের সহায়তার পরামর্শ দেওয়া হয়েছে।
রয়্যাল কোর্টের বিবৃতিতে আরও বলা হয়, প্রত্যেক সক্ষম মুসলমান যেন নবী করিম (সা.)–এর সুন্নত অনুসারে বৃষ্টি প্রার্থনার নামাজে অংশ নেয়। আল্লাহর দরবারে বিনয়, ধৈর্য ও কৃতজ্ঞতার সঙ্গে দোয়া করার আহ্বান জানিয়ে বলা হয়, আল্লাহ তাঁর বান্দাদের আন্তরিক দোয়া ও আহাজারি ভালোবাসেন এবং দোয়ার মাধ্যমে রহমত নাজিল করেন।
আরও
এছাড়া, বিবৃতির শেষাংশে আল্লাহর নিকট দোয়া করা হয়েছে, তিনি যেন দেশ ও জনগণের প্রতি অনুগ্রহ করেন, বৃষ্টি বর্ষণ করেন এবং তা যেন সৌদি আরবের ভূমি ও জনগণের জন্য রহমত ও কল্যাণের কারণ হয়।











