ওমানের সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মাস্কাটে পৌঁছেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ। সোমবার (১৬ নভেম্বর) তিনি ওমানে পৌঁছান। এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও কৃষিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরকালে মাস্কাটে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি ওমানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের সঙ্গেও বৈঠক করবেন উজবেক প্রেসিডেন্ট। উজবেকিস্তানের প্রেসিডেন্সি কার্যালয় জানিয়েছে, এই সফরে মূলত বাণিজ্য, বিনিয়োগ ও কৃষিখাতে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে উজবেকিস্তানের বিনিয়োগ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লাজিজ কুদরাতোভ জানিয়েছেন, এই সফরে দুই দেশের মধ্যে প্রায় ৫০০ কোটি (৫ বিলিয়ন) ডলার সমমূল্যের বিভিন্ন প্রকল্প ও চুক্তির বিষয়ে অন্তত ৩০টি নথিতে স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হয়েছে। অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে এই সফরটি একটি বড় মাইলফলক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










