রোগীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার স্বীকৃতি পেল ওমান। চিকিৎসা সেবায় অসামান্য অবদানের জন্য সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল হসপিটাল ফেডারেশন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্মানসূচক ‘মেরিট সার্টিফিকেট’ প্রদান করা হয়। বিশ্বজুড়ে স্বাস্থ্য খাতে নেতৃত্ব এবং উন্নত সেবা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে।

৩৮টি দেশের প্রায় সাড়ে সাতশর বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে ওমান এই আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করে নিয়েছে। মূলত রোগীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা পরিকল্পনার কেন্দ্রে রাখা এবং সেবার মান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নেওয়ায় ওমানের প্রকল্পটি বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।
আরও
ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন পেশেন্ট সার্ভিসেস বিভাগের পরিচালক ড. আবীর আল মাম্মারি। এ সময় তিনি টেকসই এবং মানবকেন্দ্রিক একটি আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার প্রতি ওমানের দৃঢ় প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।







