ওমানে বিয়ের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে বিয়ের হার বেড়ে প্রতি হাজারে ৫ দশমিক ৭-এ দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ৪ দশমিক ৫। স্বস্তির বিষয় হলো, বিয়ের হার বাড়লেও বিবাহবিচ্ছেদের হার প্রতি হাজারে ১-এ স্থিতিশীল রয়েছে।
দেশটিতে বর্তমানে বিবাহিত নাগরিকের সংখ্যা প্রায় সাড়ে ১০ লাখ। এর বিপরীতে এখনও বিয়ের পিঁড়িতে বসেননি এমন অবিবাহিত ওমানির সংখ্যা সাড়ে ৭ লাখেরও বেশি। অবিবাহিতদের এই তালিকায় অবশ্য নারীদের চেয়ে পুরুষদের আধিক্য বেশি।
তবে বিবাহবিচ্ছেদ ও জীবনসঙ্গী হারানোর পরিসংখ্যানে বড় ধরনের নারী-পুরুষ ব্যবধান রয়েছে। ওমানে বর্তমানে বিচ্ছেদ হওয়া এবং স্বামী বা স্ত্রী হারিয়েছেন এমন নাগরিকের সংখ্যা ১ লাখ ৩১ হাজারের বেশি, যার সিংহভাগই নারী। পরিসংখ্যান বলছে, দেশটিতে পুরুষদের তুলনায় নারীরাই সবচেয়ে বেশি একাকীত্বে রয়েছেন।











