উন্নত জীবনের আশায় সাগরপথে অবৈধভাবে ওমানে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩১ জন এশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির কোস্টগার্ড পুলিশ। উত্তর আল বাতিনাহ প্রদেশের শিনাস এলাকার সমুদ্রসৈকতের কাছ থেকে একটি নৌকাসহ তাঁদের আটক করা হয়। রয়্যাল ওমান পুলিশের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে সম্প্রতি এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ওমান পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, কোস্টগার্ডের একটি টহল দল শিনাস উপকূলের কাছাকাছি সাগরে অভিযান চালিয়ে ওই নৌকাটি জব্দ করে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ওমানে প্রবেশের চেষ্টাকালে নৌকাটিতে থাকা যাত্রীদের হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সবাই এশীয় বংশোদ্ভূত বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবৈধ অনুপ্রবেশের দায়ে ইতিমধ্যে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজের সন্ধানে গিয়ে প্রতিবছরই বহু মানুষ মানব পাচারকারী চক্রের ফাঁদে পড়েন। দালাল চক্রের প্রলোভনে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় সাগরপথে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন তাঁরা। ওমানের দীর্ঘ উপকূলীয় এলাকা ব্যবহার করে পাচারকারীরা প্রায়ই এমন অনুপ্রবেশের চেষ্টা চালায়। তবে এ ধরনের অপতৎপরতা রুখতে ওমান সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কঠোর অবস্থানে রয়েছে।
আরও
অবৈধ অভিবাসন ও মানব পাচার রোধে রয়্যাল ওমান পুলিশ নিয়মিতভাবে স্থল ও জলসীমায় কড়া নজরদারি চালিয়ে আসছে। দেশটির প্রচলিত শ্রম ও অভিবাসন আইন অনুযায়ী, অবৈধভাবে প্রবেশের চেষ্টা এবং এর সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কারাদণ্ড, জরিমানা ও নিজ দেশে ফেরত পাঠানোর মতো কঠোর শাস্তির বিধান রয়েছে। উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতে ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আগামী দিনেও এমন টহল ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ওমান কর্তৃপক্ষ।










