ওমানে ভিক্ষাবৃত্তির পেছনে সংঘবদ্ধ অপরাধী চক্রের হাত থাকতে পারে বলে সতর্ক করেছে রয়্যাল ওমান পুলিশ। দেশটিতে ভিক্ষাবৃত্তিতে জড়িত অনেককেই আড়ালে থাকা এসব চক্র নিয়ন্ত্রণ ও শোষণ করছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। এই চক্রগুলো নিজেদের অবৈধ স্বার্থ হাসিলের জন্য অসহায় ও দুর্বল মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করছে।
এমন পরিস্থিতিতে এই শোষণের চক্র ভাঙতে এবং ভুক্তভোগীদের রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে মনে করছে ওমান প্রশাসন। কর্তৃপক্ষের মতে, সংঘবদ্ধ এসব অপরাধী চক্রকে চিহ্নিত করা এবং তাদের কার্যক্রম সমূলে উৎপাটন করার ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও সহায়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বেআইনি এই কার্যকলাপ রোধে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। কোথাও কাউকে ভিক্ষা করতে দেখলে বা কাউকে শোষণের শিকার হতে দেখলে তাৎক্ষণিকভাবে জরুরি হেল্পলাইন নম্বর ১১৬৬-তে কল করে প্রশাসনকে অবহিত করার জন্য স্থানীয় বাসিন্দা ও নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।









