ওমানে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর ছড়িয়ে পড়া খবর পুরোপুরি নাকচ করে দিয়েছে মাসকাট গ্যাস। প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানিয়েছে, বাজারে সিলিন্ডারের দাম বাড়ানোর যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। অনুমোদিত মূল্যের চেয়ে বেশি দামে গ্রাহকদের কাছে গ্যাস বিক্রি করলে তা সরাসরি আইনের লঙ্ঘন বলে গণ্য হবে। এমন অসাধু ব্যবসায়ী বা ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এক বিবৃতিতে মাসকাট গ্যাস জানিয়েছে, গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের নির্ধারিত ও অনুমোদিত মূল্য অনুযায়ী আগের দামেই গ্যাস বিক্রি করা হচ্ছে। সারা দেশে নির্ধারিত দামে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে মাসকাট গ্যাস চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোথাও অতিরিক্ত দাম নেওয়ার ঘটনা ঘটলে বা কেউ বাড়তি দাম দাবি করলে তাৎক্ষণিকভাবে তা কর্তৃপক্ষকে জানানোর জন্য গ্রাহকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে, গরমের তীব্রতা বাড়ায় গ্যাস সিলিন্ডার ব্যবহারে গ্রাহকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে, অনুমোদিত ডিলারের কাছ থেকে গ্যাস কেনা এবং সিলিন্ডারের মেয়াদ বা কোনো লিকেজ আছে কি না, তা যাচাই করে নেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়েছে। রান্নার পর চুলার চাবি ও রেগুলেটর ঠিকমতো বন্ধ রাখা এবং রান্নাঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।









