ডিজিটাল প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের আইনি পরিণতি সম্পর্কে কঠোর সতর্কতা জারি করেছে ওমানের পাবলিক প্রসিকিউশন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অন্য কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তাঁর ছবি বা ভিডিও ধারণ, স্থানান্তর, প্রকাশ, অনুলিপি তৈরি বা নিজের কাছে সংরক্ষণ করা একটি গুরুতর ফৌজদারি অপরাধ।
এ ছাড়া অন্যকে হেয় বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ডিজিটাল সংবাদ, ছবি বা অডিও-ভিজ্যুয়াল ক্লিপ প্রকাশ করাও দেশটিতে সম্পূর্ণ নিষিদ্ধ। এ ক্ষেত্রে অনলাইনে শেয়ার করা তথ্যটি সত্য হলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে। কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, ‘শেয়ার’ বোতাম চাপার আগেই একজন ব্যবহারকারীকে এর দায়ভার সম্পর্কে সচেতন হতে হবে। কারণ, নিছক একটি ছোট ভিডিও ক্লিপ ছড়ানোর দায়েও ব্যবহারকারীকে ভয়াবহ আইনি জটিলতায় পড়তে হতে পারে।
সম্প্রতি রাজকীয় ডিক্রির মাধ্যমে জারি করা সাইবার অপরাধ দমন আইনের ৩৬ অনুচ্ছেদের ২ ও ৩ উপধারা অনুযায়ী এসব কর্মকাণ্ডকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তিন বছরের কারাদণ্ড এবং ৫ হাজার ওমানি রিয়াল জরিমানার মুখে পড়তে হবে। ক্ষেত্রবিশেষে অপরাধীকে কারাদণ্ড ও জরিমানা উভয় দণ্ডেই দণ্ডিত করা হতে পারে।










