ভারতে নজিরবিহীন বিক্ষোভ এবং নরেন্দ্র মোদির তড়িঘড়ি করে সংসদ এলাকা ত্যাগের দৃশ্য এক নতুন জল্পনার জন্ম দিয়েছে। অনেকের মনেই প্রশ্ন ঘুরছে—তবে কি হাসিনার মতোই ক্ষমতা ছেড়ে পালাতে হবে মোদিকেও? কারণ সোমবার যেভাবে তিনি সংসদ এলাকা ছেড়েছেন, তাতেই এই জল্পনা আরও ডালপালা মেলেছে।
মূলত নিট পরীক্ষার প্রশ্নফাঁস এবং শিক্ষা খাতের চরম অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ভারতের তরুণ সমাজ। বেকার তরুণদের নিয়ে করা এক তাচ্ছিল্যপূর্ণ মন্তব্যের জেরে ব্যঙ্গাত্মকভাবে শুরু হওয়া এই সিজেপি এখন আর কোনো নিছক রসিকতা নয়; বরং সরকারের জন্য এক বড়সড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের ডাকা কর্মসূচিতে যেভাবে লাখো তরুণ রাজপথে নেমে এসেছে, তা দিল্লির মসনদকে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিয়েছে।
বিক্ষোভ দমনে পুলিশ প্রশাসন কঠোর অবস্থান নিলেও এবার যেন হিসাবনিকাশ মিলছে না। সংসদ অভিমুখী যাত্রায় পুলিশি ব্যারিকেড, লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করেও এই তারুণ্যের ঢলকে দমিয়ে রাখা যায়নি। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ বেশ কয়েকজনকে আটকের ঘটনা পরিস্থিতিকে শান্ত করার বদলে আগুনে যেন আরও ঘি ঢেলেছে। রাজপথের এই অনড় অবস্থান এবং সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ দেখে রাজনৈতিক বিশ্লেষকরাও নতুন করে হিসাব কষতে বাধ্য হচ্ছেন। তরুণ প্রজন্মের এই অদম্য প্রতিরোধের মুখে সরকারের শক্ত ভিত যেভাবে নড়বড়ে হয়ে পড়েছে, তাতে মোদি সরকারের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে এক ঘোর অমানিশা তৈরি হয়েছে।










