ওমানে গাড়িতে আটকে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এবার দেশটির সোহারে একটি বন্ধ গাড়ির ভেতর থেকে মিজান নামে এক প্রবাসী বাংলাদেশির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। জনপ্রিয় টিকটকার ও তরুণ ব্যবসায়ী মিজানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়।
গত শুক্রবার দুপুরের দিকে দোকানের প্রয়োজনীয় মালামাল কিনতে বাসা থেকে বের হন তিনি। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও আর ফিরে আসেননি। দোকানের কর্মচারীরা একাধিকবার ফোন করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই বন্ধু, স্বজন ও পরিচিতজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকেন।
নিখোঁজের তিন দিন পর সোমবার সকালে সোহারের লুলু হাইপারমার্কেটের পার্কিংয়ে একটি বন্ধ গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় গাড়ির ভেতর এসির বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হতে পারে। ব্যক্তিজীবনে কিছুদিন আগেই দুই সন্তানকে হারিয়েছিলেন মিজান। সন্তান শোক কাটিয়ে ওঠার আগেই তার এমন মৃত্যুতে পরিবার ও কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আরও
মিজানের মৃত্যুর কিছুদিন আগেই দেশটির আল মুলাদ্দাহ এলাকায় একইভাবে বন্ধ গাড়ির ভেতর এসির গ্যাসে বিষক্রিয়ায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার আপন ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে পরপর এমন রহস্যজনক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।









