পবিত্র ঈদুল আজহার দিনক্ষণ নির্ধারণ এবং জিলহজ মাসের চাঁদ দেখার জন্য ওমানের নাগরিক ও প্রবাসী বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। রোববার ১৭ মে সন্ধ্যায় এই চাঁদ দেখার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ওমানের আওকাফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কোনো ব্যক্তি আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখতে পেলে তা যেন দ্রুত নিজ নিজ এলাকার গভর্নর অথবা বিচারকের কার্যালয়ে অবহিত করেন। চাঁদ দেখার খবর নিশ্চিত করতে এবং তা জানানোর সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে একাধিক টেলিফোন নম্বর দেওয়া হয়েছে। যে কেউ চাঁদ দেখতে পেলে এসব নম্বরে ফোন করে সরাসরি কর্তৃপক্ষকে জানাতে পারবেন।
এই চাঁদ দেখার ওপর নির্ভর করেই মূলত পবিত্র হজ ও ঈদুল আজহার চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হবে। রোববার চাঁদ দেখা গেলে সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৬ মে পবিত্র আরাফাহর দিন বা হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হতে পারে এবং ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা। তবে রোববার চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিনের হবে এবং সে ক্ষেত্রে একদিন পিছিয়ে ২৮ মে ঈদ উদযাপিত হতে পারে। নিয়ম অনুযায়ী ওমানে পবিত্র আরাফাহর দিন থেকেই ঈদুল আজহার সরকারি ছুটি শুরু হয়, যা সাধারণত ঈদের পর আরও কয়েক দিন পর্যন্ত স্থায়ী হয়। চাঁদ দেখা কমিটির চূড়ান্ত ঘোষণার পরই ঈদের ছুটি সম্পর্কে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে ওমান সরকার।









