ওমানের সিবের একটি বাড়ি ও সংলগ্ন স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সিভিল ডিফেন্সের দ্রুত হস্তক্ষেপে কোনো হতাহতের ঘটনা ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার আল-মাবাইলা দক্ষিণ এলাকায় এই ঘটনা ঘটে।
ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে আগুনের ভয়াবহতা দেখা গেছে। এতে বেশ কয়েকটি ঘর ও গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত নিম্নমানের দাহ্য পদার্থ দিয়ে তৈরি কাঠামোর কারণেই আগুন অত্যন্ত দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছিল।
ওমানে শুষ্ক আবহাওয়ায় এ ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। পরিসংখ্যান অনুযায়ী, ঘনবসতিপূর্ণ অঞ্চলে অগ্নিকাণ্ডের হার সবচেয়ে বেশি এবং দেশটিতে প্রতি বছর গড়ে এক থেকে দেড় হাজার এমন ঘটনা ঘটে। মূলত ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ, এসিতে শর্টসার্কিট ও রান্নার গ্যাসের অসতর্ক ব্যবহারের কারণেই বেশিরভাগ অগ্নিকাণ্ড ঘটে থাকে। সাম্প্রতিক এই ঘটনার পর সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বাসাবাড়িতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি যেকোনো কাঠামো নির্মাণে মানসম্মত সামগ্রী ব্যবহারের জন্য জনসাধারণকে আবারও সতর্ক করেছে।










