ওমানের বারকা উলায়াতে (প্রদেশ) বিপুল পরিমাণ হাশিশ ও গাঁজা (মারিজুয়ানা) পাচারের অভিযোগে এক এশীয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি সাউথ আল বাতিনাহ এলাকায় পুলিশ কমান্ডের অধীনস্থ মাদক ও সাইকোট্রপিক পদার্থ নিয়ন্ত্রণ বিভাগ এই অভিযান পরিচালনা করে।
রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। আরওপি জানিয়েছে, অবৈধ মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ওই এশীয় নাগরিককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা বিপুল পরিমাণ হাশিশ, গাঁজা এবং বেশ কিছু সাইকোট্রপিক বা নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।
ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ওই প্রবাসীর বিরুদ্ধে মাদক পাচার ও বেআইনি দ্রব্য বহনের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে দেশটির প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।
আরও
উল্লেখ্য, ওমান সরকার মাদক চোরাচালান ও এর ব্যবহারের বিরুদ্ধে সব সময়ই ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে। সম্প্রতি দেশটিতে অবৈধ মাদক পাচার রোধে পুলিশের নজরদারি ও এ ধরনের ধারাবাহিক অভিযান আরও জোরদার করা হয়েছে।









