সর্বশেষ

ওমানে শ্রমিকদের অধিকার রক্ষায় নতুন নিয়ম জারি

Oman probashiProbashircityWebPopupUpdate

বিমাকৃত কর্মীদের কর্মক্ষেত্রে আহত হওয়ার ঘটনাগুলোর শ্রেণিবিভাগ এবং চিকিৎসাসংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার আনুষ্ঠানিক প্রক্রিয়া প্রকাশ করেছে জেনারেল ফেডারেশন অব ওমান ওয়ার্কার্স (জিএফওডব্লিউ)। মূলত ১/২০২৬ নম্বর সিদ্ধান্তের অধীনে এই নতুন নিয়ম ও অধিকারগুলোর কথা তুলে ধরা হয়েছে। এই বিধিমালার অধীনে, ওমানের ভেতরে বা বাইরে কর্মক্ষেত্রে সরাসরি দুর্ঘটনার শিকার হওয়া বা কাজের কারণে সৃষ্ট যেকোনো আঘাতকে ‘কর্মক্ষেত্রে আঘাত’ (Work injury) হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

নতুন এই বিধিমালার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, বাসা থেকে কর্মস্থলে যাতায়াতের পথে ঘটে যাওয়া দুর্ঘটনাও এখন নির্দিষ্ট শর্তসাপেক্ষে কর্মক্ষেত্রের আঘাত হিসেবে বিবেচিত হবে। নিয়মানুযায়ী, যাতায়াতের সময় কোনো দুর্ঘটনায় কর্মীর সম্পূর্ণ অক্ষমতা বা মৃত্যু ঘটলে তা এই সুবিধার আওতায় পড়বে। তবে এর জন্য শর্ত হচ্ছে— যাতায়াতটি স্বাভাবিক ও সরাসরি রুটে হতে হবে, বিনা কারণে যাত্রাপথে থামা বা পথ পরিবর্তন করা যাবে না এবং তা দৈনন্দিন যাতায়াতের নির্ধারিত সময়ের মধ্যেই ঘটতে হবে।

WhatsApp Image 2026 04 19 at 4.17.06 PM

এ ছাড়া, কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ এবং শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে সৃষ্ট অসুস্থতা বা আঘাতকেও নতুন নিয়মে স্বীকৃতি দেওয়া হয়েছে। কোনো প্রতিষ্ঠানে শ্রম আইন লঙ্ঘন করে কর্মীদের দিয়ে অতিরিক্ত বা অনিয়মিত সময় কাজ করানো, মাত্রাতিরিক্ত কাজের চাপ দেওয়া এবং পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না দেওয়ার মতো বিষয়গুলো প্রমাণিত হলে, ক্ষতিগ্রস্ত কর্মীরা ক্ষতিপূরণ ও আনুষঙ্গিক সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

পেশাগত আঘাত বা অসুস্থতা নিয়ে স্বাস্থ্যসেবা প্রদানকারীর যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগও স্পষ্ট করা হয়েছে এই নির্দেশিকায়। বিমাকৃত কর্মী বা ফান্ড কর্তৃপক্ষ কোনো স্বীকৃত চিকিৎসকের সিদ্ধান্তের বিষয়ে দ্বিমত পোষণ করলে, নোটিশ পাওয়ার ৬০ দিনের মধ্যে আপিল দায়ের করতে পারবেন। এই আপিলগুলো ফান্ডের নিজস্ব প্রশাসনিক চ্যানেলের মাধ্যমে সরাসরি ‘মেডিকেল গ্রিভেন্স কমিটি’ বা চিকিৎসা অভিযোগ নিষ্পত্তি কমিটির কাছে পাঠানো হবে।

অভিযোগ পাওয়ার পর ওই কমিটিকে পরবর্তী ৩০ দিনের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে হবে। কমিটির দেওয়া রায় চূড়ান্ত বলে গণ্য হবে এবং তা সবার জন্য বাধ্যতামূলক থাকবে। আইনি ও প্রশাসনিক এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর আপিলের চূড়ান্ত ফলাফল নিয়োগকর্তা এবং বিমাকৃত কর্মী— উভয়কেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate