ওমানের রয়্যাল ওমান পুলিশ (আরওপি) ঘোষণা করেছে, ভিসা ও আবাসিক বিধি লঙ্ঘনের কারণে সৃষ্ট বকেয়া জরিমানা এবং অনিয়ম নিষ্পত্তির চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এটি প্রবাসী শ্রমিক ও নিয়োগকর্তাদের জন্য অতিরিক্ত ও শেষ সুযোগ হিসেবে বিবেচিত হবে।
ওমান পুলিশএক বিবৃতিতে জানায়, বিদেশি নাগরিক এবং তাদের নিয়োগকর্তারা যেন এই সুযোগের আওতায় এসে তাদের আইনি অবস্থান নিয়মিত করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানানো হচ্ছে। এই উদ্যোগটি শ্রম মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার অংশ, যার লক্ষ্য ভিসা ও আবাসিক আইন লঙ্ঘনের কারণে সৃষ্ট আর্থিক দায় সমাধান এবং বিদেশিদের বৈধ অবস্থান নিশ্চিত করা।
বিবৃতিতে আরও বলা হয়, প্রবাসীরা এই মেয়াদে দুইভাবে সুবিধা নিতে পারবেন—একদিকে আইন লঙ্ঘনের ফলে আরোপিত জরিমানা মওকুফ বা হ্রাসের সুযোগ পাবেন, অন্যদিকে বৈধভাবে বসবাসের অনুমোদন নবায়নেরও সুযোগ থাকবে।
ওমান সরকার আশা করছে, এই উদ্যোগের ফলে দেশটিতে কর্মরত প্রবাসীরা সহজে তাদের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং দীর্ঘদিন ধরে চলমান অনিয়মগুলো নিরসন হবে।
পুলিশের বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ঘোষিত সময়সীমা শেষে আর কোনো ছাড় বা মেয়াদ বৃদ্ধি করা হবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যেই সব অনিয়ম নিষ্পত্তি ও জরিমানা পরিশোধের জন্য প্রবাসী ও নিয়োগকর্তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।










