ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদকসহ এক বিদেশি যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আটক ব্যক্তির কাছ থেকে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক বলে নিশ্চিত করেছে ওমান কাস্টমস।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই যাত্রী খাদ্যপণ্যের ব্যাগে চতুরতার সঙ্গে মাদক লুকিয়ে দেশে প্রবেশের চেষ্টা করছিলেন। তবে বিমানবন্দরের তল্লাশির সময় গোপন তথ্য ও সন্দেহজনক আচরণের ভিত্তিতে তার লাগেজ খোলা হলে মাদকের অস্তিত্ব ধরা পড়ে।
ওমান কাস্টমস সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় অভিযুক্ত যাত্রীকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের পর তার ব্যাগ থেকে মাদক উদ্ধার করা হচ্ছে।
মাদকবিরোধী আইন অত্যন্ত কঠোর হওয়ায় দেশটিতে এ ধরনের অপরাধের শাস্তি দীর্ঘমেয়াদি কারাদণ্ড থেকে শুরু করে কঠোর জরিমানা পর্যন্ত হতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীদের যেকোনো অনৈতিক কর্মকাণ্ড ও আইনভঙ্গের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।










