কুয়েতে দুই বাসের মাঝে চাপা পড়ে এক প্রবাসী বাংলাদেশি বাসচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ভারতীয় বাসচালককে আটক করেছে স্থানীয় পুলিশ। কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমসের বরাত দিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার দেশটির জিলিব আল-শুয়েখ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শুক্রবার জিলিব আল-শুয়েখ এলাকায় দুটি বাস সড়কে একটির পেছনে আরেকটি থামানো অবস্থায় ছিল। এ সময় সামনের বাসের চালক, যিনি একজন প্রবাসী বাংলাদেশি, তাঁর বাসটিতে কোনো ত্রুটি আছে কি না তা পরীক্ষা করতে নিচে নেমে পেছনের দিকে যান। ঠিক সেই মুহূর্তেই পেছনে দাঁড়িয়ে থাকা অপর বাসের ভারতীয় চালক হঠাৎ তাঁর গাড়িটি সামনের দিকে এগিয়ে নেন। এতে দুই বাসের মাঝে গুরুতরভাবে চাপা পড়েন ওই বাংলাদেশি এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে নিহত বাংলাদেশি ও আটক ভারতীয় চালকের নাম-পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
দুর্ঘটনার খবর পেয়ে কুয়েতের ফরওয়ানিয়া ট্রাফিক বিভাগ ও স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ভারতীয় বাসচালককে নিজেদের হেফাজতে নেয়। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় কুয়েত পুলিশ ইতিমধ্যে একটি মামলা দায়ের করেছে। দুর্ঘটনাটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে, নাকি এর পেছনে চালকের চরম অসতর্কতা বা অবহেলা দায়ী ছিল, তা সুনির্দিষ্টভাবে তদন্ত করতে মামলাটি উচ্চতর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।











