কুয়েতের দুটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের জবাবে এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আইআরজিসির দাবি অনুযায়ী, কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে থাকা জ্বালানি ট্যাংক এবং মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তারা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এর পাশাপাশি আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত এফপিএস রাডার ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্সের (বিমান ও মহাকাশ শাখা) মাধ্যমে এই হামলাটি পরিচালিত হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, তাদের এই সামরিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে এই হামলার পাশাপাশি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সামরিক তৎপরতার বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। আইআরজিসি স্পষ্ট ভাষায় জানিয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই আন্তর্জাতিক জলপথে বিদেশি সামরিক বাহিনীর অব্যাহত হস্তক্ষেপ ইরান কোনোভাবেই মেনে নেবে না।










